লিপু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর ‘হত্যা’কান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাল বলেন, ‘আমাদের বারবার এখানে দাঁড়াতে হয়। একবার শিক্ষক হত্যাকান্ডের জন্য, একবার শিক্ষার্থী হত্যাকান্ডের জন্য। আমাদের এক শিক্ষার্থীকে নৃশংসভাবে খুন হয়েছে। আমি বিশ্বাস করি, যদি প্রশাসন সচেষ্ট হয় তাহলে এই হত্যাকা- অতি দ্রুত সময়ের মধ্যে বের করতে পারে, কারা এটা ঘটিয়েছে। আমি এই বিভাগের পক্ষ থেকে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত চাই। বিচার দেখতে চাই।’

এ সময় গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল বাকি বলেন বলেন ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজ শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ নয়। সবচেয়ে নিরাপদ জায়গা এবং শিক্ষার্থীদের আশ্রয়স্থল আবাসিক হলে একের পর এক শিক্ষার্থী খুন হচ্ছে। আমার জানা মতে, বিশ্ববিদ্যালয়ে এ যাবৎ যতগুলো হত্যা হয়েছে তার একটিরও বিচার হয়নি। হত্যাকারীরা এ ক্যাম্পাসকে খুন করার উপযুক্ত জায়গা হিসেবে বাছায় করেছে। খুনীরা বুঝে গেছে, এখানে নিরাপদে খুন করা যায়।’

বিভাগের শিক্ষার্থী আয়োজিত এ কর্মসূচিতে ঝিনাইদহ জেলা সমিতি ও কুষ্টিয়া জেলা সমিতি যোগ দেয়।

নিহত লিপুর সহপাঠী রাইসা জান্নাত বলেন, ‘আমরা ক্যাম্পাসে এসেছি পড়াশোনা করতে। অথচ আমাদের বারবার মৃত্যু দেখতে হচ্ছে। আমরা লাশ হয়ে ফেরার জন্য এখানে আসি নি। আমরা ভালো নেই, আমাদের মা-বাবা ভালো নেই, তারা সবাই চিন্তিত। আমরা এ আতঙ্ক থেকে মুক্তি চাই।’

কান্নাজড়িত কণ্ঠে রাইসা জান্নাত আরো বলেন, ‘আমরা শুধু বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজীব বলেন, ‘আমার ভায়ের লাশ তার মায়ের কোলে তুলে দিয়ে এসেছি। আর কত মায়ের স্বপ্নভঙ্গ করে তার মায়ের কোলে তুলে দিতে হবে?’

বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদ রিন্টু বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিরাপদ জায়গা আবাসিক হল। আর সেখানে শিক্ষার্থীরা খুন হচ্ছে। আমি লিপুর মায়ের কাছে কোনও উত্তর দিতে পারিনি। তার মা আমাকে বলেছিল, ‘তোমরা এর বিচার করো বাবা, বিচার করো’। আমরা বিচার চাই, বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আর কোনও মায়ের বুক খালি হতে দেবো না।”

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলামে সঞ্চালনা আরও বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, মাস্টার্সের শিক্ষার্থী, জোবাইদা শিরিন, আতিক সাদ্দাম, শামীম, তৃতীয় বর্ষের আলী হুসাইন মিঠু, সাব্বিরা মুন্নি, রাইসা জান্নাত প্রমুখ।

মানববন্ধন শেষে এক শোকর‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে লিপু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ জেলা সমিতি।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং-এর ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ হত্যাকা- বলে ধারণা করে। ওইদিন লিপুর চাচা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

  •  
  •  
  •  
  •