ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, জালিয়াতির দায়ে আটক ৫
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় জালিয়াতি অভিযোগে পাঁচজনকে আটকের পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কাজ চলছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে মোট ৯৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে চারজনের নাম জানা গেছে তারা হলেন- তারিকুল ইসলাম, আবদুল্লাহ আল মহসী, আজিমুল আবিদ খান রিফাত ও মিলন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।
এ বছর ‘ঘ’ ইউনিটের ১ হাজার ৫৪০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ১৭০ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা চলাকালে দায়িত্ব পালন করেন মোবাইল কোর্ট।

