গাইবান্ধায় চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি :
জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট থেকে রবিউল ইসলাম (৩৮) নামে সম্ভব্য এক চেয়ারম্যান প্রার্থীর গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া এলাকার ফাঁকা মাঠের একটি ইউক্লিপটার্স গাছ থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
রবিউল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের মো. ওয়াজেদ মুন্সির ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের নানার বাড়ি এলাকায় বাসাবাড়ি করে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যানার, পোষ্টার করে এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছেন। মঙ্গলবার সকালে হিংগারপাড়া গ্রামের ফাঁকা মাঠের একটি ইউক্লিপটার্স গাছের সঙ্গে রবিউল ইসলামের গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রবিউলের লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে থাকা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করীম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিউলের হাত ও অ-কোষে আঘাতের চিহৃ রয়েছে। ধারাণা করা হচ্ছে রবিউলকে হত্যার পর তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

