বায়োমেট্রিকের কারণে অবৈধ ভিওআইপি কমেছে ২৫ শতাংশ -তারানা হালিম
নিজস্ব প্রতিনিধি:
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কারণে অবৈধ ভিওআইপি ব্যবসার হার ২৫ শতাংশ কমে ১০ শতাংশে নেমে এসেছে। আগে এ হার ছিল ৩৫ শতাংশ’।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, বায়োমেট্রিক নিবন্ধনের ফলে মোবাইলে হুমকি, সন্ত্রাসী কার্যকলাপ কমে এসেছে। এ পদ্ধতিতে সিম নিবন্ধনের ফলে অপরাধীরা আইনের আওতায় আসছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহজেই তাদের চিহ্নিত করতে পারছে। পাশাপাশি জনশৃঙ্খলা, নিরাপত্তা বেড়েছে। নিবন্ধিত সিমের সূত্র ধরে পুলিশ সাত দিনের মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার হত্যাকারীকে আটক করেছে।
সুন্দরবন রক্ষা আন্দোলনের নেতা আনু মুহাম্মদ ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়ার এসব নম্বরের সূত্র ধরে এখনো হুমকি দাতাদের সনাক্ত করা কেন সম্ভব হয়নি সাংবাদিকরা জানতে চাইলে এড়িয়ে যান তারানা হালিম।
তবে ‘এ দুটি ঘটনা এখন তদন্ত করা হচ্ছে, তদন্তাধীন বিষয় নিয়ে কোনো বক্তব্য দেবেন না তারা’ বলেন সচিব ফয়েজুর রহমান চৌধুরী।

