বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে পিপিপি’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পিপিপি’র বর্তমান অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বৈঠকটি আয়োজন করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও বিজ্ঞাপনী সংস্থা ওয়াটারমার্ক এমসিএল। এই বিষয় নিয়ে আরও কয়েকটি গোলটেবিল বৈঠক আয়োজনের পরিকল্পনা আছে সংস্থা দুটির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোসলেম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন, ডিসিসিআই-এর সভাপতি হোসাইন খালেদ। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে পিপিপি’র বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিপিপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন।
তিনি পিপিপি’র ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী পিপিপি’র সাফল্যে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়নকল্পে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পিপিপি কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে নিজেকে উন্নত দেশের সারিতে দেখতে চায়।
আলোচনায় বক্তারা সফলভাবে সমাপ্ত হওয়া বিভিন্ন কর্মকাণ্ড এবং চলমান কার্যক্রম যেমন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হেমোডায়ালাইসিস সেন্টারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ইস্যু যেমন প্রাকৃতিক গ্যাস উত্তোলন, কয়লা ও এলএনজি আমদানি, এনার্জি সেক্টর ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে।
২০২১ সালের মধ্যে সবার কাছে বিদ্যুৎ পৌছানোর আশাবাদও ব্যক্ত করা হয়। এছাড়া বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পিপিপি’র সফলতার পথে সম্ভাব্য প্রতিবন্ধকতা ও তা থেকে উত্তরণের উপায় নিয়েও বক্তারা বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোসলেম চৌধুরী সকলকে পাশাপাশি এই আয়জনের আর্থিক পৃষ্ঠপোষক গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং সামিট এলাইন্স পোর্ট লিমিটিডকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন যে, পিপিপি কার্যক্রমসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

