আজীবনের জন্য নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক:

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো সাবেক টেস্ট ক্রিকেটার অ্যালভিরো পিটারসনকে। অথচ গত দুই বছর এই ফিক্সিংয়ের বিপক্ষেই ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সাথে কাজ করেছেন এন্টি করাপশন নীতি নিয়ে।

এবার এই এন্টি করাপশন বোর্ডের পক্ষ থেকেই তার বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগ আনা হলো। আর সেই অভিযোগের ভিত্তিতেই নিষিদ্ধ করা হলো তাকে। গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি আসর র‌্যাম স্ল্যামই বিতর্কের মূলে। এ টুর্নামেন্টেকে ঘিরেই ম্যাচ গড়াপেটার অভিযোগে ক্রিকেটার ও কর্মকর্তা মিলিয়ে বেশ কয়েকজনকে সাত থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। সেই তালিকায় আছেন পিটারসেনও।

যদিও ১৪ দিনের মধ্যে এই অভিযোগের বিরুদ্ধে আবেদন করার সুযোগ থাকছে তার। তবে, পিটারসেন তার বিপক্ষে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আত্মপক্ষ সমর্থনে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি কিছু সংবাদ মাধ্যমে আমার নামে ম্যাচ ফিক্সিংয়ের খবর দেখলাম। আমি যতটুকু জানি, আমি এই তদন্তের ভিতরে নেই। আমি নিশ্চিত হতে, এসএসসিআই এর প্রধান নির্বাহী টনি আইরিশ ও এন্টি করাপশন কর্মকর্তা লুইস কোলের সাথে আরো তিনদিন আগেই কথা বলেছি এবং ফিক্সিং বিষয়ে আমার সচেতনতার কথা জানিয়েছি।’

আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘আমি ফিক্সিং বিষয়ে বিস্তারিত জানিয়েছি কর্তৃপক্ষকে, আরো দুই খেলোয়াড়ও তাদের কথা বলেছেন। আমি তাদের জানিয়েছি, র‍্যাম স্ল্যামে ফিক্সিং বন্ধ করতে হবে। আমি কর্তৃপক্ষের সাথে সব সময় যোগাযোগ রাখছি। তারা আমার সম্পর্কে সব কিছুই জানেন। আমি কাদের সাথে কথা বলি ও মিটিং করি।’

পোর্ট এলিজাবেথে জন্ম নেওয়া এই ৩৫ বছরের ডান হাতি এই ব্যাটসম্যানের অভিষেক হয়েছিল ২০১০ সালে। ভারতের বিপক্ষে কলকাতাতে প্রথম সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামেন তিনি। গত বছর জানুয়ারি পর্যন্ত ৩৬ টেস্টে ৩৪.৮৮ গড়ে ৫ সেঞ্চুরিতে ২০৯৩ রান করেছিলেন। এছাড়া ২১টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলেছেন। কিন্তু এবার যে বিতর্কে পড়েছেন তাতে আর ক্রিকেটে ফেরা সম্ভব নয় তার পক্ষে।

এছাড়া ইংলিশ কাউন্টি দলের গ্লামারগন, এসেক্স ও সামার সেটে খেলেছেন। এবছর অবশ্য ল্যাঙ্কাশায়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও পারিবারিক সমস্যা দেখিয়ে ২০১৭ সালের আগে ল্যাঙ্কাশায়ারের সাথে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: