ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারি করণের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ (অনার্স কলেজ) সরকারিকরণের দাবি জানিয়েছে ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণ দাবি আদায় কমিটি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুলবাড়িয়া কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। ৪৪ বছরের পুরোনো তৎকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজটিতে প্রয়োজনীয় এবং আকর্ষণীয় অবকাঠামো রয়েছে। পরীক্ষার ফল ধারাবাহিকভাবে ভাল।
বক্তারা অভিযোগ করে বলেন, কলেজটি সরকারিকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি পরিদর্শক দল কলেজটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন। কলেজ সরকারিকরণের শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার সকল শর্তই পূরণ করে-যখন সরকারিকরণের চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই কিছু স্বার্থান্বেষীর কারসাজির কারণেই সরকারিকরণের তালিকা থেকে বাদ পড়ে এই কলেজটি।
এ সময় বক্তারা হঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেমসহ ফুলবাড়িয়া কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

