সাদুল্যাপুরে মৎস ব্যবসায়ীকে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় শ্রী সুনিল চন্দ্র দাস (৩৯) নামে এক মৎস ব্যবসায়ীকে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বুধবার ভোর রাতে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গুচ্ছগ্রামের সামনের (পুকুরের) পাশের ধানের জমিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বুধবার সকাল ৯টার দিকে গুচ্ছগ্রামের সামনের (পুকুরের) পাশের একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শ্রী সুনিল চন্দ্র দাস সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গ্রামের (মাঝিপাড়া) মৃত শসি চন্দ্র দাসের ছেলে। তিনি মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সংসারে তার স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ শাহীন সরকার জানান, বুধবার সকালে নিজ বাড়ির সামনে ফাঁকা জায়গার পুকুরের পাশের ধানের জমিতে সুনিশ চন্দ্রের লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন সুনিল।

সুনিল চন্দ্রের বড় ভাই সুশিল চন্দ্র জানান, তার ভাই সাহারবাজারে মাছের ব্যবসা করেন। মঙ্গলবার সন্ধ্যায় সাহারবাজারে বাজার করার পর তা ছেলের দ্বারা বাড়িতে পাঠিয়ে দেয়। তখন সুনিল তাকে মাছের ঔষধ নিতে গাইবান্ধা যাওয়ার কথা জানায়। পরে রাত ৯টার দিকে ফোন করে বাড়ি ফেরার কথা বললে সুনিল জানায়, তার বাড়ি ফিরতে দেরী হবে। কিন্তু রাতে সুনিল আর বাড়ি ফেরেনি। পরে মোবাইল ফোনে কল দিয়েও ফোন বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছে ধানের জমিতে সুনিলের লাশ পড়ে থাকার খবর পান তারা।

তিনি আরও জানান, বাড়ির পাশ্ববর্তী একটি (কোলা, জলাশয়ে) মাছ চাষ ও দোকান ঘর করা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার দ্বন্ধ ছিলো। ওই দ্বন্ধের জেরে তারা সুনিলকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থল থেকে সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তবে সুনিলের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, সুনিলের হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় মামলার বিষয় প্রক্রিয়াধীন।

  •  
  •  
  •  
  •