চ্যাম্পিয়ন্স লিগে পুরো শক্তি নিয়ে মাঠে নামছে বার্সা
খেলাধুলা ডেস্ক :
স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে শেষ ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের ওই ম্যাচ ড্রয়ে কাতালানদের পয়েন্টে ভাগ বসিয়েছিল মালাগা।
তবে চ্যাম্পিয়ন্স লিগে আজ পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে বার্সেলোনা। সেল্টিক পার্কে আজ সেল্টিকের বিপক্ষে খেলবে ব্লুগ্রেনারা। আগে থেকেই দলে ছিলেন নেইমার। আজ তাদের সঙ্গে যোগ দিচ্ছেন বার্সেলোনা শিবিরের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। সেল্টিকের বিপক্ষে এই ম্যাচে থাকছেন বার্সার আক্রমনের আরেক সেনানী লুইস সুয়ারেজও।
অসুস্থতার কারণে মালাগার বিপক্ষে লিগ ম্যাচে অনুপস্থিত ছিলেন মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেল্টিকের বিপক্ষে আজ বার্সার হয়ে মাঠে নামবেন দলের সেরা এই তারকা। গ্লাসগোতে আজ বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচটি। সেল্টিকের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাটট্রিক করেছিলেন মেসি। আজও তাকে খুনে চেহারায় দেখতে চাইবে ভক্তরা।
এদিকে নিষেধাজ্ঞার কারণে মালাগার বিপক্ষে ম্যাচে ছিলেন না লুইস সুয়ারেজ। তবে সেল্টিকের মাঠে হতে যাওয়া ম্যাচে দলে আছেন তিনি, আছেন নেইমারও। তবে আক্রমণভাগে পুরো শক্তি ফিরলেও মাঝমাঠ কিছুটা সমস্যা রয়েছে বার্সার। কাতালান ক্লাবটির মাঝমাঠের সবচেয়ে পরীক্ষিত সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা ইনজুরির কারণে এখনো দলে ফিরতে পারেননি। তারপরও দলের অন্যদের নিয়ে আজ জয়ে ফিরতে চাইবে লুইস এনরিকের প্রশিক্ষিত দলটি।

