২৪ বছর বয়সে মন্ত্রী হয়ে ঝড় তুললেন ইউক্রেনের তরুণী

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রাজনীতি নিয়ে বিতর্কের ঝড় নতুন কিছু নয়। তবে সম্প্রতি দেশটিতে এমন এক বিষয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে, যা বিরল। অল্পবয়সী এক তরুণী দেশটির নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ পদে নিয়োগ পেয়েছেন।

মাত্র ২৪ বছর বয়সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আনাসতাসিয়া দেয়েভা, অথচ তার মতো বয়সী কারো জন্য এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নজিরবিহীন। অনেক ইউক্রেনিয়ান মনে করেন, এ দায়িত্ব পালন করার যোগ্যতা নেই আনাসতাসিয়ার।

একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘সুন্দরী ও স্মার্ট যেকোনো নারীই যেকোনো পদে বসতে পারেন। সেটি কোনো সমস্যা নয়। কিন্তু তিনি যদি এতটাই অল্পবয়সী হন, এবং এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কোনো ধরণের পূর্ব অভিজ্ঞতা না থাকে, তখনই সমস্যা।’

আনাসতাসিয়াকে নিয়ে বিতর্কের মধ্যেই দেশটির আরও একটি বড় পদে তার চেয়েও কম বয়সী এক তরুণীকে নিয়োগ দেওয়া হয়েছে। আনা কালিনচুক নামের এ তরুণীর বয়স মাত্র ২৩। দেশটির দুর্নীতি দমন বিভাগ দুর্নীতিপরায়ন সরকারী কর্মকর্তাদের সংশোধনের উদ্দেশ্যে বড়সড় এক প্রচারণা চালানোর দায়িত্ব দিয়েছে তাকে।

দেশব্যাপী তাকে ঘিরে চলমান বিতর্কের জবাব দিয়েছেন আনাসতাসিয়া। একটি রাশিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি দাবি করেন, এ দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার আছে। তিনি একজন সাংসদের সহায়ক ছিলেন এবং একটি সুইডিশ এনার্জি কোম্পানিতে কাজ করেছেন। তাই এ পদের উপযুক্ত তিনি। তবে তার কিছু নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রত হতে হয় তাকে।

কিন্তু ইউক্রেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে তার এ উত্থান তীব্র সমালোচনার মুখে পড়েছে। আনাসতাসিয়া বলেন, ‘আমি জানতাম এটা নিয়ে সবাই কথা বলবে, সমালোচনা করবে কিংবা পক্ষপাতমূলক মন্তব্য করবে। কিন্তু এত বাজে সমালোচনা আশা করিনি।’

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আবাকভ অবশ্য এ বিতর্কে আনাসতাসিয়ার পাশেই আছেন। নিজের ফেসবুক পাতায় বিতর্কের বিষয়ে তিনি লিখেছেন, ‘আনাসতাসিয়া বয়স কম বলেই মানুষ এতো সমালোচনা করছে। সোভিয়েত ঐতিহ্য অনুসারে এমন পদের জন্য বয়স্ক কাউকেই পছন্দ করতেন সবাই। কিন্তু আমরা একজন মেয়েকে নিয়েছি। হতে পারে আমার মন্ত্রণালয় কাজটি একটু ভিন্নভাবে করতে চাইছে।’

মন্ত্রী আরও বলেন, ইউক্রেনের এগিয়ে যাওয়ার এটিই মোক্ষম সময়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক একজন উপদেষ্টা আনাসতাসিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তুমি আমাদের নতুন প্রজন্ম, এজন্য আমার গর্ব হচ্ছে। তোমার মতো মানুষদের ‘সেভিয়েত দাসত্ব’ ভাঙ্গার জন্য ৪০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তোমার মতো মানুষরা অন্তরের দাসত্ব মুক্ত।

সূত্র: বিবিসি

  •  
  •  
  •  
  •  

Tags: