ক্রিকেটেও চালু হচ্ছে লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক:
ফুটবল কিংবা হকির মত লাল কার্ড দেখা যেতে পারে ক্রিকেটেও। এমনটাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে সুপারিশ করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আইসিসি এই সুপারিশ মেনে নিলে আগামী বছর ১ অক্টোবর থেকেই লালকার্ডের ব্যবহার দেখা যাবে ক্রিকেট মাঠে।

মাঠে লাল কার্ড ব্যবহার করে মাঠে বড়সড় শৃঙ্খলাভঙ্গ করা দোষী ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে ম্যাচ থেকে বের করে দিতে পারবেন ফিল্ড আম্পায়াররা। এই শৃঙ্খলাভঙ্গের তালিকায় আছে, আম্পায়ারকে হুমকি, অন্য কোনও ক্রিকেটার, আম্পায়ার, অফিসিয়াল বা দর্শককে মাঠে শারীরিক আক্রমণ বা যে কোনও হিংসাত্মক কাজে জড়ানো।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রাওকে এক ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল।

এই আইন প্রসঙ্গে এমসিসির প্রধান মাইক ব্রিয়ারলি বলেন, ‘এই আইনের দ্বারা একটি চমৎকার পরিবর্তন আসবে ক্রিকেটে। ইংল্যান্ডের অনেক অঞ্চলে ক্রিকেটাররা খারাপ ব্যবহার করছে মাঠে। তাই আম্পায়ারদের সম্মান বাড়াতেই এই ব্যবস্থা। উদাহরণ হিসেবে বলা যায়, সেঞ্চুরি করার পরে কোন ব্যাটসম্যান অতি উৎসাহী হয়ে কোন ফিল্ডারকে আঘাত করে ফেলতে পারে। সেক্ষেত্রে আম্পায়ার মাঠেই বিভিন্ন মেয়াদে ব্যাটসম্যানকে শাস্তি দিতে পারবেন।’

সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড

  •  
  •  
  •  
  •  

Tags: