বাকৃবিতে কৃষাণীদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষাণীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ‘ফুড সিকিউরিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যু: প্রোডাকশন অ্যান্ড ডিসেমিনেশন অব শর্ট ডিউরেশন স্ট্রেস টলারেন্ট রাইস ভ্যারাইটিজ টু দি ফার্মারস অব বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে বাকৃবি সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় ১০০ জন কৃষাণীর মাঝে বিনা-১০ ও বিনা -১১ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টিগ্রেটিং জেন্ডার অ্যান্ড নিউট্রিশন উইদইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস’ এর পরিচালক অ্যান্ড্রি বি. বন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্পটির প্রধান গবেষক প্রফেসর ড. লুৎফুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে কৃষাণীদের উদ্দেশ্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, সমাজ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীদেরকে তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে। পাশাপাশি নারীরা দেশের কৃষির উন্নয়নে যে ভূমিকা রাখছে পরিবারে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

