বাকৃবিতে ‘ময়মনসিংহ মুক্ত’ দিবস পালিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আজ ১০ ডিসেম্বর দিবসটি পালিত হয়।
১৯৭১ সালের এই দিনে বৃহত্তর ময়মনসিংহ শহর পাক হানাদারমুক্ত হয়। এ উপলক্ষে বাকৃবিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

