ইয়াহু’র একশো কোটি গ্রাহকের তথ্য চুরি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
একসময়ের ইন্টারনেট জায়ান্ট ইয়াহু আবারও বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে খবর প্রকাশ করেছে। চলতি বছর সেপ্টেম্বরে প্রকাশিত ২০১৪ সালের গ্রাহকদের অ্যাকাউন্ট চুরির সংখ্যার চেয়ে এবারের সংখ্যাটা দ্বিগুণ।
ইয়াহু জানিয়েছে, চুরি হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল রয়েছে। তবে ব্যাংক ও পেমেন্টের কোনো তথ্য চুরি হয়নি। ২০১৩ সালের আগস্টে চালানো এই সাইবার হামলায় শতকোটিরও বেশি গ্রাহকের ডেটা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আক্রমণের খবর প্রথমবার প্রকাশের পর ৪৮৩ কোটি ডলারে ইয়াহু’র মূল ব্যবসা কেনার প্রস্তাব থেকে ভেরাইজন সরে আসতে পারে বলে ধারণা করা হয়েছিল।
ইয়াহু’র পক্ষ থেকে সব গ্রাহকের পাসওয়ার্ড ‘রিসেট’ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বিজনেস ইনসাইডার

