বিজয় দিবসে ৫ ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।
শুক্রবার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাকটিকিট অবমুক্ত করেন। শনিবার থেকে দেশের সব ডাকঘরে এই স্মারক ডাকটিকিট বিক্রি শুরু হবে।
একইসঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা মূল্যের আরও চারটি ডাকটিকিট এবং ৪৫ টাকা মূল্যমানের স্যুভেনির ও দুইটি বিশেষ সিলমোহর অবমুক্ত করা হয়। পাশাপাশি ১০ টাকা মূল্যমানের দুইটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের দুইটি ডাটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

