দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে লড়বেন বান কি মুন!
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের মহাসচিবের পদ থেকে বিদায় নিতে যাওয়া বান কি মুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসে জাতিসংঘের মহাসচিব হিসেবে মেয়াদ শেষ হচ্ছে তার।
মহাসচিব হিসেবে তার শেষ সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমি আমার জন্মভূমি দক্ষিণ কোরিয়ায় ফিরে যাব এবং কীভাবে সবচেয়ে ভালোভাবে দেশকে সেবা দেয়া যায়, সে বিষয়ে ভাববো।
২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি দেশটির সংসদ বর্তমান প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের অভিসংশনের পক্ষে রায় দিয়েছে। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের সিদ্ধান্তের পর পার্কের ক্ষমতা আপাতত প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে ১৮০ দিনের মধ্যে অনুমোদন দেবে দেশটির নয় সদস্যের সাংবিধানিক আদালত।
ব্যক্তিগত লাভের জন্য পুরোনো এক বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে গত ছয় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলের রাস্তায়। জনমত জরিপে পার্কের জনপ্রিয়তা নেমে এসেছিল মাত্র চার শতাংশে।
যদি দেশটির সাংবিধানিক আদালত পার্লামেন্টের রায় বহাল রাখে, তাহলে পার্ক হবেন ক্ষমতাসীন প্রথম কোনো প্রেসিডেন্ট, যাকে এভাবে ক্ষমতা ছাড়তে হবে। সেক্ষেত্রে পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট হতে হবে।
সূত্র: বিবিসি

