ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল যুবায়ের গুলিবিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাবির পলাশী মোড়ের কাছে একটি গাড়ি থেকে যুবায়েরকে লক্ষ্য করে গুলি করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও একই হলের সাবেক সহ-সভাপতি এম এম সাঈদ। যুবায়ের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জহিরুল ইসলাম ও এম এম সাঈদ জানান, রাত ১টার দিকে পলাশী মোড় থেকে চা পান করে মোটরসাইকেলে করে হলে ফিরছিলেন। পথে ব্যানবেইসের কাছে হঠাৎ করে একটি গাড়ি তাদের গতিরোধ করে। এ সময় জহিরুল মোটরসাইকেল ঘুরিয়ে ফেললেও গাড়ি থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা যুবায়ের ডান পায়ের উঁরুতে গুলিবিদ্ধ হন। তবে হামলাকারীকে চিনতে পারেননি বলে তারা জানান।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার আজিম উল হক জানান, যে গাড়ি থেকে গুলি করা হয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।

