বিজিবি হবে পৃথিবীর শ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বিজিবির ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একদিন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী।’

মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেসময় জনগণের জানমাল রক্ষায় ও বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াও দমনে বাহিনীটির অবদান তিনি স্মরণ করেন।

মুক্তিযুদ্ধে বিজিবির অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন ইপিআরের সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ প্রথম প্রহরে ইপিআরের চার বেতারকর্মী সারা দেশে ছড়িয়ে দেয়। পরে তাদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

বিজিবি’র উন্নয়নের সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, বিজিবির জন্য আধুনিক বাইনোকুলারসহ আধুনিক সরঞ্জামাদি কেনা হচ্ছে। বিজিবির চারটি রিজিয়নাল ডিভিশন স্থাপন করা হয়েছে। বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। ৮৮তম ব্যাচে প্রথমবারের মতো ৮৭ জন নারী বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৮৯তম ব্যাচে ৯২ জন, ৯০তম ব্যাচে ১০০ জন নারী সদস্য বিজিবিতে নিয়োগের প্রক্রিয়া চলমান।

এর আগে সকাল ৯টায় পিলখানায় বিজিবির সদর দফতরে আসেন প্রধানমন্ত্রী। বিজিবি দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত ছিলেন।

পরে বিজিবির পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকজন সদস্যকে কৃতিত্বপূর্ণ এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  •  
  •  
  •  
  •  

Tags: