নাটোরে পুকুর থেকে আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে মলিন পাহান নামে এক আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করভ হয়েছে। বুধবার সকালে শহরের দিয়ারভিটা এলাকার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পুকুর পাড় থেকে তার ব্যবহৃত বাই সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মলিন পাহান সদর উপজেলার শংকরভাগ গ্রামের সাধারন পাহানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, মঙ্গলবার সকালে মলিন পাহান রাজ মিস্ত্রির কাজে বাড়ী থেকে বের হয়। পরে রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিচিতদের কাছে তার খোঁজ করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। বুধবার সকালে শহরের দিয়ারভিটা এলাকার একটি পুকুরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে নিহতের পরিবারের সদস্যরা তার মৃতদেহটি সনাক্ত করেন। তবে প্রাথমিক ভাবে মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নিহতের বাবা সাধারন পাহান বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

  •  
  •  
  •  
  •