১২ রাষ্ট্রের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১২টি সদস্য রাষ্ট্রের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। শুক্রবার এ দেশগুলো অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবে ভোট দিয়েছিল। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল এ ব্যবস্থা নিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। মাত্র একদিন আগেই নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া দশটি দেশের রাষ্ট্রদূতকে তলব করেন নেতানিয়াহু এবং ভোট দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে ক্ষোভ জানান। এমনকি এ প্রস্তোবে ভেটো না দেওয়ায় বড়দিনের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও তলব করে ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু। ইসরাইল বিরোধী যেকোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র সবসময়ই তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে আসছে, এবারই প্রথম দেশটি ভোট দানে বিরত ছিল।

ইসরায়েলের এ ঘোষণার পর এখন থেকে বৃটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপা্ন, ইউক্রেন, অ্যাঙ্গোলা, মিসর, স্পেন, সেনেগাল এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূতরা নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে পারবে না। এসব দেশগুলোতে ইসরায়েলের মন্ত্রীরা যাতে যথাসম্ভব কম সফর করেন, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু। তবে দেশগুলোতে কর্মরত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে এক খবরে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

গত শুক্রবার ১৫ সদস্যদের নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে ইসরায়েলের বিরুদ্ধে এ নিন্দা প্রস্তাব পাশ হয়। যুক্তরাষ্ট্রে ভোট দানে বিরত ছিল। দেশটি আশ্চর্যজনকভাবে ইসরায়েলবিরোধী এ প্রস্তাবে ভেটোও দেয়নি।

ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘের এই নিন্দা প্রস্তাবের মূলে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উদ্যোগেই নিরাপত্তা পরিষদে ইসরায়েলবিরোধী প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছে। ওবামার সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা যেসব তথ্য পেয়েছি, তা থেকে আমাদের দৃঢ় বিশ্বাস ওবামা প্রশাসনই এই উদ্যোগ নিয়েছে, এর পক্ষে দাঁড়িয়েছে এবং প্রস্তাবের ভাষা ও দাবিগুলোর মধ্যে সমন্বয় করেছে।’

জাতিসংঘে নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ করতে হবে। গত ৫ দশক ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বারবার যুক্তরাষ্ট্র একথা বলে আসেছে।

এদিকে, জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাসের পরপরই পূর্ব জেরুজালেমে আরও শত শত ভবন তোলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির হারেজ পত্রিকা জানিয়েছে, পূর্ব জেরুজালেমের স্থানীয় পরিকল্পনা ও অবকাঠামো-বিষয়ক কমিটি ৬১৮টি নতুন ভবন তোলার বিষয় অনুমোদন দিতে যাচ্ছে। আগামী বুধবারই এটি অনুমোদিত হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, বিজনেস ইনসাইডার

  •  
  •  
  •  
  •  

Tags: