বাগদাদে জোড়া বোমা হামলা: নিহত ২৮
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। বাগদাদের ব্যস্ততম আল-সিনাক মার্কেটে একটার পর আরেকটি বিস্ফোরণ হয়।
পুলিশ জানায়, গাড়ি যন্ত্রাংশের দোকানের পাশে রাস্তার ধারে এ বোমা বিস্ফোরণ হয়। তারপরেই ভিড়ের ভেতরে আত্মঘাতী বোমা হামলা করেন এক ঘাতক। শিয়া অঞ্চলগুলো লক্ষ্য করে বাগদাদে প্রতিনিয়ত হামলা হচ্ছে।
আইএস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সংগঠনের দুজন জঙ্গী আত্মহত্যার পোষাক পরে বোমা হামলা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার হামলার শিকার অনেকেই অত্র শিয়া অঞ্চলের গাড়ি যন্ত্রাংশের দোকানগুলোতে কাজ করত। স্থানীয় দোকানদার ইব্রাহিম আলি সংবাদ সংস্থা এএফপি নিউজকে বলেন, ‘বিস্ফোরণ হওয়ার পর তারা মালবাহী গাড়ির পাশে জড়ো হন।’
এ বছর নভেম্বর মাসে ইরাকে বোমা হামলায় শিয়া তীর্থযাত্রীসহ ৭৭ জন নিহত হয়। এর আগে জুলাই মাসে শপিং সেন্টারে বোমা হামলায় আরও ২৮১ জন মারা যায়। উভয় হামলায় আইএস নিজেদের দায় স্বীকার করেছে।
সূত্র: বিবিসি নিউজ

