মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের পুঁজি ১৪১ রান

ডেস্ক নিউজ:
ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও হতাশ করলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।নিউজিল্যান্ডের বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৩০ রানেই চার উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত এই রিয়াদের হাফসেঞ্চুরির উপর ভর করে ১৪১ রানের সংগ্রহ দাঁড় করায়।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে ১০টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলা হলেও এটাই ছিল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। আর প্রথম ম্যাচেই টসে জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।ইনিংসের দ্বিতীয় ওভারে ইমরুল কায়েস সাজঘরে পাঠিয়ে তোপ দাগেন কিউই পেসার ম্যাট হেনরি।

সেখান থেকে ২৫ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও সাব্বির রহমান। দলীয় ২৮ রানে ফিরে যান তামিমও। ব্যক্তিগত ১১ রানে বেন হুইলারের শিকারে পরিণত হন বাঁ-হাতি এই ওপেনার। পরের ওভারে জোড়া আঘাত হানেন ২৫ বছর বয়সী পেসার লকি ফার্গুসন। ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম দুই বলেই সাজঘরে ফেরান সাব্বির রহমান ও অফ ফর্মে থাকা সৌম্য সরকারকে।

আউট হওয়ার আগে সাব্বির করেন ১৬ রান করলেও রানের খাতা খুলতেই পারেননি সৌম্য। এরপর মাত্র ৩০ রানেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হাল ধরেন সাকিব আল হাসান ও রিয়াদ। দুজনে মিলে ৩৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন। তবে ইনিংসের ১১ তম ওভারে ব্যক্তিগত ১৪ রানে কলিন গ্র্যান্ডহোমের বলে মিশেল স্যান্টনারের হাতে ধরা পড়েন সাকিব।

সাকিব ফিরে গেলেও আরেক প্রান্ত আগলে রাখেন ওয়ানডে সিরিজে রানখরায় ভোগা রিয়াদ। তাকে সঙ্গ দিতে থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ৯৯ রানের মাথায় ফিরে যান মোসাদ্দেক। ব্যক্তিগত ২০ রানে স্যান্টনারের বলে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন মোসাদ্দেক। দু’ওভার পর ফিরে যান অধিনায়ক মাশরাফিও।

শেষ দিকে চার-ছক্কার ফুলঝুড়িতে রানের চাকা বাড়াতে থাকেন রিয়াদ। যদিও হাফসেঞ্চুরির পরপরই হুইলারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ১৪১ রান।

  •  
  •  
  •  
  •  

Tags: