এক বছরে ইরাকে নিহত ৬,৮৭৮ বেসামরিক নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক :
গত বছর ইরাকে সহিংসতায় ৬ হাজার ৮৭৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ২০১৫ সালে দেশটিতে ৭ হাজার ৫১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার ইরাকে জাতিসংঘ সহায়তা মিশন ইউএনএএমআই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ২০১৬ সালে ইরাকে ১২ হাজার ৩৮৮ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। তবে এর মধ্যে ইরাকের পশ্চিমে অবস্থিত আনবার প্রদেশে মে, জুলাই, আগস্ট ও ডিসেম্বর মাসে হতাহতদের সংখ্যা অর্ন্তভূক্ত করা হয়নি।
মাসিক হতাহতের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের ডিসেম্বরে ৩৮৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ১ হাজার ৬৬ জন আহত হয়েছে। সবচেয়ে বাজে অবস্থা উত্তরের প্রদেশ নিনেভাহতে। এখানে আইএসের কাছ থেকে মুসল শহর পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। এখানে একই সময় ২০৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫১১ জন আহত হয়েছে। তালিকায় এরপরেই আছে রাজধানী বাগদাদ। এখানে হামলায় নিহত হয়েছে ১০৯ জন ও আহত হয়েছে ৫২৩ জন।
ইরাকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জান কুবিস বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে দায়েশ (আইএস) তাদের পরাজয় লুকাতে অন্যদিকে মনোযোগ আকর্ষনের চেষ্টা করছে। দুর্ভাগ্যজনকভাবে নিরাপরাধ বেসামরিক নাগরিকদের এর জন্য মূল্য দিতে হচ্ছে।

