বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য র্যালী ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাকৃবি শাখা ছাত্রলীগ।
বুধবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে পায়রা উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
উদ্বোধন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে বাকৃবি ছাত্রলীগের কার্যালয়ে কেক কাটা হয় এবং ডকুমেন্টরি ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এর আগে সকাল ৭ টায় বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


