ভারত যদি ক্ষেপণাস্ত্র নিয়ে বাড়াবাড়ি করে বেইজিংও চুপচাপ বসে থাকবে না
আন্তর্জাতিক ডেস্ক :
চীন বলেছে, ভারত যদি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনেক দূর এগিয়ে যায় তাহলে বেইজিংও চুপচাপ বসে থাকবে না। ভারতের উচিত ‘ক্ষেপণাস্ত্রের জ্বর থেকে ঠাণ্ডা হওয়া’। চীনের রাষ্ট্র পরিচালিত ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।
ভারত সম্প্রতি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর পাল্লা হচ্ছে চার হাজার কিলোমিটার । ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, পুরো চীন এখন ভারতের এ ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় ভারতের হাতে এটি কার্যকর অস্ত্র।
তবে চীন বলছে, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ভারত জাতিসংঘের সীমা লঙ্ঘন করেছে।
গ্লোবাল টাইমস বলেছে, পরমাণু অস্ত্রের ক্ষেত্রে ভারত যেসব সুবিধা পাচ্ছে পাকিস্তানেরও সেসব সুবিধা পাওয়া উচিত। ভারতের মতোই পাকিস্তানকে পরমাণু শক্তি হিসেবে মেনে নেয়া উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু প্রতিযোগিতা নিয়ে উদাসীনতার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে সম্পাদকীয়তে বলা হয়েছে, অবস্থা এমন হলে চীন নিশ্চুপ বসে থাকবে না।
ভবিষ্যতে ভারতকে কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন বিবেচনা করবে না উল্লেখ করে গ্লোবাল টাইমস বলেছে, এটা খুব সাধারণ কথা যে, ভারত ও চীনের সামরিক শক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে । ভারত এও জানে- চীনের ওপর পরমাণু ঝুঁকি তৈরি হলে তার তার পরিণাম কী হবে। সে ক্ষেত্রে সবচেয়ে ভালো পথ হচ্ছে- বেইজিং ও দিল্লির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া। দিল্লির বোঝা উচিত যে, কোনো ভূ-রাজনৈতিক চাতুরতার মাধ্যমে ভারত-চীন সম্পর্ক ধ্বংস করা হলে দিল্লির জন্য তা কোনো কল্যাণ বয়ে আনবে না।

