সুইডেনের রাজপ্রাসাদে ‘ভূত’: দাবি রাণীর
আন্তর্জাতিক ডেস্ক:
সুইডেনের রাজপ্রাসাদে ভূত আছে বলে দাবি করেছেন দেশটির রানি সিলভিয়া। তিনি বলেন, ‘এই প্রাসাদের ‘ক্ষুদে বন্ধু’ অর্থাৎ ভূতদের সঙ্গেই তার বসবাস। এটা খুবই উত্তেজনাকর, তবে এতে ভয়ের কিছু নেই।’
রাজধানী স্টকহোমের কাছে ১৭‘শ শতাব্দীতে নির্মিত ড্রটনিংহোলম প্রাসাদে বাস করেন সুইডেনের রাজপরিবার। এটি হচ্ছে রাণী সিলভিয়া এবং তার স্বামী রাজা ১৬‘শ কার্ল গুস্তাফ-এর স্থায়ী বাসভবন। আর এই বাসভবন নিয়ে নতুন তৈরি একটি প্রামাণ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে রাণী প্রাসাদে ভূতের বসবাসের কথা বলেন। প্রামাণ্যচিত্রটি এসভিটি টিভিতে বৃহস্পতিবার দেখানো হবে।
রাণী সিলভিয়ার বয়স এখন ৭৩ বছর। প্রাসাদ সম্পর্কে রাণী জানান, আপনি এটা অনুভব করবেন যে প্রাসাদে আপনি পুরোপুরি একা নন। তিনি বলেন, ‘তবে সেখানকার ভূতেরা খুবই বন্ধুসুলভ।’
রাজা কার্ল গুস্তাফের বোন প্রিন্সেস ক্রিস্টিনাও রানির কথা সমর্থন করেছেন। তিনি বলেন, ‘প্রাসাদটির ভেতরে অনেক শক্তির অস্তিত্ব অনুভব করা যায়।’
প্রাসাদটি সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে দক্ষিণ দিকের যে অংশে রাজপরিবারের সদস্যরা থাকেন, সেখানে দর্শকরা যেতে পারেন না।
সূত্র: বিবিসি

