ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!
স্পোর্টস ডেস্ক:
জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরামের বিরুদ্ধে। আগামী ১৭ জানুয়ারি করাচি আদালতে হাজিরা দিতে হবে তাকে। আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঘটনার শুরু ২০১৬ সালের ৬ আগস্ট। সেদিন তরুণ বোলারদের ট্রেনিং সেশনে যোগ দেওয়ার জন্য করাচি জাতীয় স্টেডিয়ামে যাচ্ছিলেন আকরাম। করাচির কারসাজ রোডে তার মার্সিডিজ গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে।
দুর্ঘটনাটিকে তেমন পাত্তা না দিয়ে গাড়ি সরিয়ে ঝামেলা সেখানেই শেষ করে দেওয়ার চেষ্টা করেন আকরাম। কিন্তু অন্য গাড়িতে বসা যাত্রী সেখানেই থেমে যাননি। আমিরুল রেহমান নামের ওই যাত্রী বন্দুক হাতে বেরিয়ে আসেন এবং আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন।
এই ঘটনার পরপরই রেহমানের বিরুদ্ধে বাহাদুরাবাদ পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন আকরাম। অবশ্য রেহমান পরবর্তীতে জামিন নিয়ে গ্রেফতার এড়ান এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য সাবেক অধিনায়কের কাছে ক্ষমা চান। তবে এই মামলার শুনানির জন্য যতবারই তারিখ দেওয়া হয়েছে একবারও হাজির হননি আকরাম।
৩১ বার ডেকেও তাকে আদালতে হাজির করানো যায়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার করাচি আদালত থেকে আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সূত্র: ডন

