জামিন নামঞ্জুর : কারাগারে কল্যাণ

বিনোদন ডেস্ক:
প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলামকে গাড়ির ধাক্কায় গুরুতর আহত করার মামলায় গ্রেফতার অভিনেতা কল্যাণ কোরাইয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তবে তদন্ত কর্মকর্তাকে তিন দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন।

এর আগে দুপুর ১টায় আদালতে কোরাইয়াকে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক।

আদালতে বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও শুভ্র সিনহা রায় শুনানিতে বলেন, এ মামলায় মূল রহস্য কী ছিল এবং দুর্ঘটনার সময় ব্যবহৃত গাড়ি উদ্ধারে আসামিকে ব্যাপক জিজ্ঞাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

শুনানি শেষে বিচারক জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের উল্টো দিকের রাস্তায় একটি প্রাইভেটকার মোটরসাইকেল আরোহী জিয়া ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে জিয়া মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার দুপুরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় মঙ্গলবার কলাবাগান থানায় দায়েরকৃত মামলায় কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করে পুলিশ।

  •  
  •  
  •  
  •  

Tags: