গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এ মোনাজাতে অংশ নেন। তার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ডা. দীপুমণি এবং প্রধানমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যরাও এ মোনাজাতে শরিক হয়েছেন।

মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর ব্যাপক ঐক্য লাভের জন্য প্রার্থনা করা হয়। ভারতের প্রখ্যাত মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী এ মোনাজাত পরিচালনা করেন।

প্রথম পর্যায়ের ইজতেমায় দেশের ১৭টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। বাকি জেলার মুসল্লিরা মাঝে চারদিন বিরতি দিয়ে ২০-২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নেবেন। স্থান সংকুলান ও পরিবহন সমস্যার কারণে ২০১১ সাল থেকে দুই ধাপে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত, কাতার, মিশর, জর্দান, আলজেরিয়া, ওমান, ইয়েমেন, সুদান, ফিলিস্তিন, তিউনিসিয়া, বাহরাইন, ফ্রান্স, কুয়েত, সোমালিয়া, কেনিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, ইরাক ও ইরানসহ ৫০টির বেশি দেশের প্রায় ৭ হাজার মুসল্লি এবার ইজতেমায় যোগ দিয়েছেন।

শুক্রবার বাদ ফজর আলেমদের বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় এবং আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের।

  •  
  •  
  •  
  •  

Tags: