বাকৃবিতে মোবাইল চুরির ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে মোবাইল চুরির ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত কিছু দিন ধরে মোবাইল চুরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার রাত ১১টার দিকে হলের গেটে তালা দিয়ে বিক্ষোভ করে ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, গত শনিবার হলের ৩২১ নম্বর কক্ষ থেকে দুটি স্মার্টফোন ও বুধবার পুনরায় ২৪২ নম্বর কক্ষ থেকে মোবাইল চুরি হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে হলের গেটে তালা দিয়ে বিক্ষোভ করে। এ সময় হাউজ টিউটর মো. শফিকুর রহমান শিশির গেস্ট রুমে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে ফিরে যান। পরে শিক্ষার্থীরা হল প্রভোস্টের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলে মিছিল বের করে।

শিক্ষার্থীরা জানান, গত কয়েক মাস ধরে হলের বিভিন্ন কক্ষ থেকে প্রায় সাতটি মোবাইল ও কিছু মানিব্যাগ চুরি হয়েছে। আমারা হল প্রশাসনকে বিষয়টি জানানো পরও প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে আরো জানান, হলে যথেষ্ঠ কর্মচারী থাকা স্বত্বেও তারা ঠিকভাবে দ্বায়িত্ব পালন করে না। বিভিন্ন কোচিং সেন্টারের বহিরাগতদের হলে প্রবেশ করতে দেয়া হয় লিফলেট বিলির জন্য। নিষেধ করা সত্ত্বেও বহিরাগতদের হলে প্রবেশ করতে দেয়ায় এরকম চুরির ঘটনা ঘটছে।

এদিকে ওই ঘটনার পর আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হলে যান প্রভোস্ট প্রফেসর ডঃ মুহাম্মদ মহির উদ্দিন ও প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন।

প্রভোস্ট বলেন, কোন ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ অসত্য। চুরির বিষয়গুলো না জানিয়েই নিজেদের ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটিয়েছে।

  •  
  •  
  •  
  •