ছয় বছর পর যুবরাজের সেঞ্চুরি উদযাপন
স্পোর্টস ডেস্ক:
কটকের বারাবতি স্টেডিয়ামে যেন আগের সেই পুরনো যুবরাজ সিংকে দেখলো ক্রিকেট বিশ্ব! ওয়ানডেতে প্রায় ছয় বছর পর সেঞ্চুরি উদযাপন করেছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে যুবরাজের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোরের ভিত পেয়েছে টিম ইন্ডিয়া।
যুবরাজের এটি ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে শতক। তার ৯৮ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার। একদিনের ক্রিকেটে সবশেষ চেন্নাইয়ে ২০১১ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৩৫ বছর বয়সী এ অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রেকর্ড জুটিও গড়েন যুবরাজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআইতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। দলীয় ২৫ রানের মধ্যেই লোকেশ রাহুল, বিরাট কোহলি ও শিখর ধাওয়ান সাজঘরে ফেরেন।
এরপরই দলের হাল ধরেন যুবরাজ। তাকে যোগ সঙ্গ দেন কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ধোনি। দু’জন মিলে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেট পার্টনারশিপের রেকর্ড ভাঙেন। আগের কীর্তিটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের দখলে (১৭২ অপরাজিত, ৫ সেপ্টেম্বর ২০১২)।

