আরাফাত সানির বিরুদ্ধে নতুন মামলা!
স্পোর্টস ডেস্ক:
আরও একটি মামলা দায়ের করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরাফাত সানির বিরুদ্ধে। তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা নিজেই বাদী হয়ে বুধবার দুপুর ১২টার দিকে সানি ও তার মায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ঢাকার চার নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি করেছেন।
বিচারক বাদীর জবানবন্দি শুনে অভিযোগ তদন্তে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এর আগে সানির বিরুদ্ধে আরও দুটি মামলা করেছিলেন নাসরিন। প্রথম মামলাটি ছিল তথ্যপ্রযুক্তি আইন এবং দ্বিতীয়টি ছিল যৌতুকের আইনে। প্রথম মামলায় সানিকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে জেলে পাঠানো হয়।
গেল পাঁচ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাসরিন সুলতানার আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। সানির স্ত্রী দাবী করা নাসরিন নিজেই এই মামলা করেন।
তথ্যপ্রযুক্তি আইনের পাশাপাশি আরও একটি মামলা করেন নাসরিন সুলতানা। যেখানে তিনি অভিযোগ করেছেন, তার কাছে ২০ লক্ষ টাকা যৌতুক দাবি করেছিলেন সানি। এবার করা হল নারী ও শিশু নির্যাতন মামলা।

