জাবিতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি পূরণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত ১১টায় ‘‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী’’দের আয়োজনে এ সভা হলের কমনরুমে অনুষ্ঠিত হয়।
সভায় হলে শিক্ষার্থীদের সিট সংকট, রিডিং রুম না থাকা, ফটোকপি মেশিন না থাকা, ডাইনিং ও ক্যান্টিনে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশন, সেলুন না থাকা, কমনরুমে চেয়ার সংকট, পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা না থাকা, হলের পাশে ঝোপঝাড় থাকায় মশার উপদ্রব, পানি সংকট, পানির ড্রেন নোংরা,পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী না থাকা, সৌচাগার ও টয়লেট অকেজো থাকা, হল প্রভোষ্ট ও ওয়ার্ডেনদের হলে অনুপস্থিতি, হলের সিকবয়দের দায়িত্বে অবহেলাসহ আরো কয়েকটি সমস্যা ও তা সমাধানের দাবি তুলে ধরা হয়।
মত বিনিময়ের সময় মওলানা ভাসানী হলের ৪০তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ এলতেফাত হোসেন বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, হলের নানামুখি সমস্যার সমাধান তখনই সম্ভব হবে যখন হলের দায়িত্বরত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন হবে।
শিক্ষার্থীদের বক্তব্যের পর আলোচনা সভার প্রধান আলোচক মওলানা ভাসানী হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান সকল সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আহ্বায়ক হিসেবে এ সভার আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাসানী হলের শিক্ষার্থী মো. মুরশিদুর রহমান আকন্দ।
মো. সাদ্দাম হোসেনের সঞ্চলনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হল ওয়ার্ডেন মো.আব্দুল হালিম, মো. জালাল উদ্দিন, আবাসিক শিক্ষক মো. আশরাফুল আলম, ড. মো.কামরুল হাসান, সহকারী আবাসিক শিক্ষক, এম এম ময়েজ উদ্দিন, মো.সাখাওয়াত হোসেন, মো. তরিকুল ইসলাম, আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

