এসএসসি পরীক্ষা: দ্বিতীয় দিন অনুপস্থিত ৮৯০৪, বহিষ্কার ৮২

নিজস্ব প্রতিনিধি:
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন রোববার সারাদেশে আট হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল; পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার হয়েছে ৮২ শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনের পরীক্ষায় ১৭ হাজার ৪২৪ পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৯৮ জন বহিষ্কার হলো।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসএসসিতে সর্বোচ্চ চারটি পত্রে ফেল করলে ওইসব বিষয়ে পরের বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পায় শিক্ষার্থীরা।

দেশের তিন হাজার ২৩৬টি কেন্দ্রে গত বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমামানের পরীক্ষা; যাতে অংশ নিচ্ছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

রোববার সকাল ১০টা থেকে এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে।

এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ইংরেজি ও ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ইংরেজি-২ (১৯২২) আর দাখিল ভোকেশনালে নতুন সিলেবাসে ইংরেজি-২ (১৯২২) সৃজনশীল ও পুরাতন সিলেবাসে ইংরেজি-২ (১৭২২) সৃজনশীল বিষয়ের পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

দ্বিতীয় দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে এক হাজার ১৭০ জন, রাজশাহীতে ৪৩৫ জন, কুমিল্লায় ৭১৬ জন, যশোরে ৪৪২ জন, চট্টগ্রামে ৩৪৮ জন, সিলেটে ২৭০, বরিশালে ৩০৯ এবং দিনাজপুর বোর্ডে ৩৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে তিন হাজার ৬৭২ জন এবং কারিগরি বোর্ডে এক হাজার ১৫৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মাদ্রাসা বোর্ডে ৩২ জন, কারিগরি বোর্ডে ২৭ জন, ঢাকা বোর্ডে ১০ জন, বরিশাল বোর্ডে ৭ জন, কুমিল্লা বোর্ডে ৫ জন এবং যশোর বোর্ডে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

  •  
  •  
  •  
  •