কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আগামী ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু হচ্ছে। প্রথম পর্যায়ের এ সাক্ষাৎকার শেষ হবে ২২ ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর ‘এ’ ইউনিটের মেধাক্রম অনুযায়ী ১ থেকে ১৭৫ জন, ‘বি’ ইউনিটের মানবিক শাখার ১ থেকে ২৫৭ জন এবং ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার ১ থেকে ২০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন ২১ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার ১৭৬ থেকে ৩৫০ জন, ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখার ১ থেকে ৫২ জন এবং ‘সি’ ইউনিটের মানবিক শাখার ১ থেকে ১৬ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। শেষদিন ২২ ডিসেম্বর ‘বি’ ইউনিটে বিজ্ঞান শাখার ১ থেকে ১৪১ জন এবং ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখার ১ থেকে ২৪ জনের সাক্ষাৎকার নেওয়া হবে।
সকাল ৯টা ৩০ মিনিটে থেকে এ সাক্ষাৎকার শুরু হবে। এছাড়া কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকারও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখা ও ‘সি’ ইউনিটের কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ওইদিন বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
নতুন এ শিক্ষাবর্ষে ৬ অনুষদের ১৯টি বিভাগে ১ হাজার ১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। সাক্ষাৎকার শেষে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি কার্যক্রম ৩ জানুয়ারি শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

