শিবির সন্দেহে রাবি শিক্ষার্থীকে পুলিশে দিল ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আবারো শিবির কর্মী সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবু সালেহ শাহিন নামের এক শিক্ষার্থী কে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আটক আবু সালেহ শাহিন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শাহিন বিশ্ববিদ্যালয়ের জিয়াউর হলের ১২২ নম্বর কক্ষে থাকতেন।
হল ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জিয়া হল ছাত্রলীগ নেতা ইমাম মেহেদী ও শেখ হিমেলের নেতৃত্বে ৮-৯ জন নেতাকর্মী ১০৫ নম্বর কক্ষে যায়। এই কক্ষ থেকে সম্প্রতি ১২২ নম্বর কক্ষে স্থানান্তরিত হয়েছে শাহিন। তবে ১০৫ নম্বর কক্ষে শাহিনের কম্পিউটার পাওয়া যায়। কম্পিউটারে জিহাদি বই, দেলোয়ার হোসেন সাইদির বক্তব্যসহ বিভিন্ন নথি পাওয়া যায়। পরে ১২২ নম্বর কক্ষ থেকে শাহীনকে নিয়ে এসে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সকাল ১০টার দিকে তাকে পুলিশে দেয়া হয়। হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, শাহিন জিয়া হলের শিক্ষার্থী না হয়েও আবাসিক শিক্ষক দিলিপ কুমার সরকারের সুপারিশেই ওই কক্ষে থাকতেন।
তবে অভিযোগ অস্বীকার করে দিলিপ কুমার সরকার বলেন, ‘আমার বিভাগের শিক্ষার্থী হিসেবে তাকে চিনি। তবে অন্য হলের শিক্ষার্থী হয়েও আমার সুপারিশে সে হলে থাকতো এটা সত্য নয়। ওই কক্ষের আবাসিক মাস্টার্সের এক শিক্ষার্থীকে ম্যানেজ করে সে থাকতো। তবে তার কক্ষে গিয়ে যে নথি পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে পুলিশে দেয়া হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব হাসান বলেন, ‘হলের ছাত্রলীগ নেতাকর্মীরা শিবির সন্দেহে একজনকে পুলিশে দিয়েছে। তাকে থানায় রাখা হয়েছে। প্রাপ্ত নথি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে।’

