নাটোর সুগার মিলে চিনির বস্তা পড়ে পাঁচ শ্রমিক আহত
নাটোর প্রতিনিধি:
নাটোর সুগার মিলে গোডাউনে চিনির বস্তা ধসে পড়ে অন্তঃত ৫ জন শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর চিনিকল ও হাসপাতাল সুত্রে জানা যায়, ‘মিলের গোডাউনে ৪৮ জন শ্রমিক চিনির বস্তা ট্রাকে তোলার কাজ করছিল। এ সময় হঠাৎ করে উপর থেকে চিনির বস্তা নিচে ধসে পড়তে থাকে। সেসময় নিচে থাকা অন্ততঃ ৫ শ্রমিক বস্তার নিচে চাপা পড়ে আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, সদর থানার মাঝদিঘা গ্রামের আব্বাস আলীর ছেলে আতিকুর রহমান, লক্ষীপুর গ্রামের নাদের মন্ডলের ছেলে হক সাহেব, করোটা গ্রামের মজিবর রহমানের ছেলে আলাম, লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের নীরেনের ছেলে মিঠুন ও রাজশাহীর বাগমারা থানার কসবা গ্রামের আব্দুল হানিফের ছেলে সাজেদুর রহমান।
এ ব্যাপারে জানতে নাটোর সুগার মিলর ব্যবস্থাপনা পরিচালক আবুল রফিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘মোবাইল ফোনে কথা না বলে আপনারা অফিসে এসে তথ্য নেন। যা বলার তখনই বলব।’

