জালিয়াতির দায়ে জাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে ছাত্রদলের সাবেক এক নেতার ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার জানান, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটে ভর্তি জালিয়াতির অভিযোগে ছাত্রছাত্রীর জন্য প্রণীত শৃঙ্খলা বিধিমালার ৫নং ধারা অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২ তম ব্যাচের ছাত্র ও আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এস এম শরীফ আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নাজমুল হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার থাকাকালে তারা হলে অবস্থান করতে এবং কোনো ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ বিষয়ে হল প্রশাসন, বিভাগ ও পরীক্ষা অফিসকে সজাগ থাকার তাগিদ দেয়া হয়েছে।

অন্যদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে ছাত্রদলের শহীদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে শৃঙ্খলা বিধিমালার ৫নং ধারা অনুযায়ী তার ছাত্রত্ব বাতিল এবং বিশ^বিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।

  •  
  •  
  •  
  •