রাবিতে ‘নিরিখ’ সাহিত্য সম্মেলন শুরু বৃহস্পতিবার
রাজশাহী বিশ্ববিদ্যলয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপি ‘নিরিখ’ সাহিত্য সম্মেলন। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্চে ‘নিরিখ’ সাময়িকীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে দুই দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যক হাসান আজিজুল হক। এসময় নিরিখ’র সভাপতি সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব মোস্তফা তরিকুল হাসান বলেন, ‘বাংলা ভাষার সাহিত্য এক বিস্তৃত পরিসরে বৈচিত্রপূর্ণ কর্মকা-। এই সমৃদ্ধ ভাষার সাহিত্যকে বিশ্বের অন্য যে কোন সমৃদ্ধ সাহিত্যের সাথে তুলনা করা চলে। এই সাহিত্যের শুরু থেকে আজ পর্যন্ত যে বহুধা বিস্তার তার গুরুত্বপূর্ণ সব অনুষঙ্গ নিয়ে নিরিখ সাহিত্য সম্মিলনের আয়োজন করা হচ্ছে।’ এ সম্মেলনে গবেষণা-প্রবন্ধ উপস্থাপনের জন্য লেখা আহবান করা হয়। প্রায় ৮৫ জন লেখকের মধ্য থেকে ৪৮ জনকে নির্বাচিত করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিরিখ’র সদস্য রিষিণ পরিমল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামসুন্নাহার, বাংলা বিভাগের সহকারী অ্যধাপক পরনজিত মহালদার।
উল্লেখ্য, ‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’ শ্লোগানকে সামনে রেখে শিল্প ও সমাজবিষয়ক সাময়িকী ‘নিরিখ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গত দশবছর ধরে প্রকাশিত হয়ে আসছে। বাংলা সাহিত্য, শিল্প, সমাজ, সিনেমা, অনুবাদ-শিল্প সমালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ পত্রিকা কাজ করছে।

