রাবিতে সাংবাদিকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা!
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোস্তাফিজ মিশু নামের এক সাংবাদিকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে রাবি ছাত্রলীগের এক নেতা।
বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিনারুল ইসলাম নগরীর মতিহার থানায় ৫৭ ধারায় এ মামলা দায়ের করেন। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) হুমায়ুন কবীর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিক মোস্তাফিজ মিশু বেসরকারি টিভি ‘চ্যানেল নাইন’-এর রাজশাহী প্রতিনিধি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি রাবি গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী।
মামলা সূত্র জানায়, গত বছরের ১০ ডিসেম্বর আলোকিত বাংলাদেশ পত্রিকার অনলাইনে ‘রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে গড়িমসি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে রাবি ছাত্রলীগের তৎকালীন কর্মী মিনারুল ইসলামের শিবির সম্পৃক্ততা ও বিবাহিতের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘শিবির সম্পৃক্ততার অভিযোগে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪১৯ নং কক্ষ থেকে মিনারুলকে বের করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।’
প্রকাশিত এই সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রায় তিন মাস পর মিনারুল ইসলাম এ মামলা দায়ের করলেন।

