নিজ বাসায় চবি শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সাবেক ডিন, গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদের (৬০) মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে পাহাড়িকা হাউজিং সোসাইটির নিজ বাসায় এই শিক্ষকের মরদেহ ঝুলে থাকার খবর পায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া বলেন, নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক শিক্ষকের মরদেহ ঝুলে রয়েছে বলে খবর পেয়েছি। এখনো মরদেহ উদ্ধার করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক এই ডিনের স্ত্রী অধ্যাপক ড. শাহানারা বেগমও একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় বাসায় কেউ ছিল না বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বাসায় ফিরে স্বামীর মরদেহ ঝুলে থাকতে দেখেন।

সোমবার তাকে নিজের বিভাগ গণিত বিভাগেও দেখা যায়নি বলে জানিয়েছেন ওই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার বলেন, ‘আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে মরদেহ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নেব।’

  •  
  •  
  •  
  •  

Tags: