আবারও মেয়ে সন্তানের বাবা হচ্ছেন মার্ক জুকারবার্গ
আন্তর্জাতিক ডেস্ক:
আবারও মেয়ে সন্তানের বাবা হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। জনপ্রিয় সামাজিক মাধ্যমে আনন্দের এই খবর শেয়ার করেছেন জুকারবার্গ নিজেই।
জুকারবার্গ জানিয়েছেন, তিনি এবং প্রিসসিলা আবারো সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘আরো একটি মেয়ে সন্তানের বাবা-মা হচ্ছি আমরা। এ নিয়ে আমি এবং প্রিসসিলা দু’জনই খুব খুশি।’
তিনি আরো বলেন, ‘আমি এবং প্রিসসিলা যখন জানতে পারলাম যে প্রিসসিলা আবারো সন্তানসম্ভবা তখন আমাদের শুধু একটাই প্রত্যাশা ছিল যে আমাদের সন্তান সুস্থ থাকুক। আর আমার আরো একটি ইচ্ছা ছিল। আমি চেয়েছি আমাদের পরবর্তী সন্তানও মেয়ে হোক। ম্যাক্সের জন্য একটি বোন পাওয়ার মতো বড় উপহার আর কিছুই হতে পারে না। তারা দু’জনে একে অপরের জন্য।’
তিনি আরো লিখেছেন, ‘আমরা আমাদের ছোট সন্তানের জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমরা আরো একজন শক্তিশালী নারীকে গড়ে তোলার জন্য আমাদের সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাব।’
ম্যাক্সের জন্মের আগে তিনবার প্রিসসেলার গর্ভপাত হয়েছে। ম্যাক্সের বয়স এখন ১৫ মাস। তাকে ঘিরে জুকারবার্গ দম্পতির দিন বেশ ভালোই কাটছে।

