পলাশবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি :
জেলার পলাশবাড়ী পরিষদের সাময়িক বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান ও পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির মো. আবু তালেব মাস্টারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
জেলার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শুক্রবার বিকেল ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আবু তালেব পলাশবাড়ী উপজেলা পরিদের ভাইস চেয়ারম্যান ও পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির। তিনি মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর (দয়ারপাড়া) গ্রামের মহির উদ্দিনের ছেলে। আবু তালেবের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা থাকায় সম্প্রতি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয় তাকে সাময়িক বরখাস্ত করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আবু তালেবের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নাশকতার ১৯টি মামলা হয়েছে। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, গোপন খবরে অভিযান চালিয়ে সাদুল্যাপুর থানা পুলিশের সহয়তায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

