সোয়াতসহ বিশেষ ইউনিটগুলোর জনবল বাড়ানো হবে: আইজিপি শহীদুল হক
নিজস্ব প্রতিবেদক :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের বিশেষ ইউনিট সোয়াতসহ অন্যান্য ইউনিটের জনবল বাড়ানো হবে।
রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘আন্তঃদেশীয় অপরাধ : সার্ক প্রেক্ষিত’ শীর্ষক পুলিশ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের বিশেষ ইউনিট সোয়াতসহ অন্যান্য ইউনিটের জনবল অনেক কম। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি- এসব ইউনিটের লোকবল বাড়ানো দরকার। এ বিষয়ে কাজ চলছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গিরা কোন দোকান থেকে বিস্ফোরক সংগ্রহ করেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।’
দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশের ১০ জন এবং মালদ্বীপ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা থেকে দুইজন করে পুলিশ কর্মকর্তা অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহপরিচালক বেনজির আহমেদ ও পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

