বাংলাদেশ ও শ্রীলঙ্কার সহায়তা চাইবে পাকিস্তান ক্রিকেট বোর্ড
খেলাধুলা ডেস্ক:
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সহায়তা চাইবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই দুই দেশের সাথে আলাপ করবে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে অংশ নিতে ইতিমধ্যে কলম্বো পৌঁছেছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান। সেখানেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রস্তাবিত দ্বিস্তর টেস্ট রীতিতে এই দুই দেশকে রাজি করানোর চেষ্টা করবেন বলে জানা গেছে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায় পাকিস্তানে। এরপর ২০১৫ সালে জিম্বাবুয়ে স্বল্প পরিসরে পাকিস্তান সফরে যায়। তবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাথে সিরিজ থাকলেও সে সময়ে আবারও পাকিস্তানের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় দেশ দুটি সফর বাতিল করে।
নিরাপত্তা ঝুঁকি থাকলেও পিসিবির ইচ্ছায় প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হয় লাহোরে। বাংলাদেশের এনামুল হক বিজয়সহ আট বিদেশি ক্রিকেটার সেই ফাইনাল খেলতে লাহোরে যান। নিরাপত্তা ঝুঁকি থাকলেও এমন সফল আয়োজনের পর সন্তুষ্ট পিসিবি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়।
লাহোরে পিএসএলের ফাইনালে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। কিন্তু নিরাপত্তা পরিদর্শক কমিটি লাহোরের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ছিলো না। তাই পিসিবির আমন্ত্রণে নেতিবাচক সাড়াই দেয় বিসিবি। পিসিবির নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিসিবির এমন প্রত্যাখ্যান অবাক করেছে পিসিবিকে।
সূত্রর ভাষ্যমতে, ‘পিসিবি অবাক হয়েছিলো বাংলাদেশ যখন নিরাপত্তা ইস্যুর কারণে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছিলো। পিসিবি সভাপতি দুই বোর্ডের সাথেই নিরাপত্তা ইস্যুতে কথা বলবেন। সেই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে সাহায্য করার আবেদন জানাবেন।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

