মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) তিন ধাপ এগিয়েছে বাংলাদেশের। এবারের সূচকে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯।
৫ এপ্রিল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ তথ্য জানান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরিচালক ড. সেলিম জাহান।
তিনি জানান, গত ২০১৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২। এবার পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় পঞ্চম। সূচকে পাকিস্তানের অবস্থান ১৪৭।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ এখন মধ্যম মানব উন্নয়ন দেশগুলোর তালিকায় রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, দেশটির অবস্থান ৭৩তম। এছাড়া মালদ্বীপ ১০৫, ভারত ১৩১ এবং ভুটান ১৩২ নম্বরে রয়েছে। তালিকার শীর্ষ দেশ নরওয়ে। এছাড়া ঘানা ১৩৯, নেপাল ১৪৪, মিয়ানমার ১৪৫, কেনিয়া ১৪৬ এবং পাকিস্তানের অবস্থান ১৪৭।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রমুখ।
এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, এটি অনেক বড় অর্জন এবং ভবিষ্যতে আরও ভালো করার আশা করছেন তিনি।
জলবায়ুর পরিবর্তনের প্রভাবকে পুরো বিশ্বের মানব উন্নয়নে বাঁধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রীও এসব বিষয় সামনে রেখে সঠিক পরিকল্পনা করেই এগিয়ে যাওয়ার কথা বলেছেন।
সরকার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উন্নতি অব্যাহত রাখলে বাংলাদেশ মধ্যম মানব উন্নয়ন গ্রুপ থেকে উন্নত মানব উন্নয়ন দেশে পরিণত হবে।

