রাসিক মেয়রের চেয়ারে বুলবুল

রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল দ্বিতীয়বার বরখাস্ত হওয়ার তিন দিন পর ফের মেয়রের দায়িত্ব বুঝে নিয়েছেন।

৫ এপ্রিল বুধবার বেলা ১১টার দিকে তিনি দায়িত্ব বুঝে নেন।

মেয়র বুলবুলের ব্যক্তিগত সহকারী আব্দুল সালাম বিপ্লব জানান, বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের সচিব খন্দকার মাহবুবুর রহমান তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর মেয়র কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

বিএনপি নেতা বুলবুল ২০১৩ সালের নির্বাচনে রাজশাহীর মেয়র নির্বাচিত হন। নাশকতার চার মামলার অভিযোগপত্রে নাম থাকায় ২০১৫ সালের ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আদালত তার বরখাস্ত আদেশ অবৈধ ঘোষণার পর চলতি বছরের ২ এপ্রিল রোববার রাজশাহী সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুঝে নেন বুলবুল। ওই দিন অফিসে থাকতেই বরখাস্তের নতুন আদেশ পান তিনি।

৪ এপ্রিল মঙ্গলবার সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বুলবুল। রিট আবেদনের শুনানি শেষে বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

  •  
  •  
  •  
  •  

Tags: