শাবির সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সংবাদ কর্মীকে মারধরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিক নির্যাতনের মতো লজ্জাজনক ঘটনা আর কী হতে পারে। সেটাও আবার ছাত্রলীগ নামধারী সংগঠনের কোনও কর্মীদের হাতে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এসময় বক্তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হুসাইন মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাবি সাংবাদিক সমিতির সভাপতি হাসান আদিব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক সোহাগ প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার (৮ এপ্রিল) সিলেট নগরীর পাঠানটুল দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করার জেরে শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের শাবি প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দীপুকে বেধড়ক মারপিট করে শাবি শাখা ছাত্রলীগ কর্মী অনিরুদ্ধ দেব রায় অমিয়, রাহাত সিদ্দীকি, নজরুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন। তারা সবাই শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী।

  •  
  •  
  •  
  •  

Tags: