বর্ষবরণকে ঘিরে রাজশাহীতে প্রাণের উচ্ছ্বাস

রাজশাহী প্রতিনিধি:
সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা বর্ণিল আয়োজনে রাজশাহীতে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের উৎসব। শুক্রবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাণের উৎসবে মাতেন সকল বয়সের মানুষ। বাংলা নববর্ষ ১৪২৪ কে বরণ করতে মহানগরীজুড়ে ছিল অন্যান্য বছরের মত বাঙালি উৎসবের আমেজ।

বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতে উঠেছেন সকলে। সাদা আর লাল রঙের আলোকচ্ছটায় রঙিন হয়ে উঠে নগরজীবন। বিভিন্ন বাদ্যযন্ত্র আর ভুভুজেলার সুরে মেতেছেন সকল শ্রেণী পেশার মানুষ।

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা মহানগরীর কলেজিয়েট স্কুল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ হয় রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে। সম্মিলিত সাংস্কৃতিক জোটও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ভাষা সৈনিক আবুল হোসেন, মোশারফ হোসেন আখুঞ্জিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগরীর পদ্মা পাড়ের ফুদকিপাড়ার উন্মুক্ত মঞ্চে, সীমান্ত অবকাশ, পদ্মা গার্ডেনে শুরু হয় বাংলা বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান। জেলার গোদাগাড়ী উপজেলা সদরে পদ্মাতীরের ছেড়াদ্বীপে শুরু হয়েছে সাত দিনের বৈশাখী মেলা।

রাজশাহী কলেজের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে শেষ হয়। বিকেল অবধি চলে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সব সরকারি হাসপাতাল ও শিশু পরিবার এবং শিশু সদনে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়েছে। কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কারাগারে।

  •  
  •  
  •  
  •  

Tags: