রাবিতে পালিত হলো বিশ্ব ভেটেরিনারি দিবস
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ ও ভেটেরিনারি ছাত্র সমিতির যৌথ উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস। দিবসটি উপলক্ষে র্যালি, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও সেমিনারের আয়োজন করে তারা। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়।
বিশ্ব ভেটেরিনারি দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘এন্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স- ফর্ম অ্যাওয়ারনেস টু এ্যাকশন’। দিবসটি উপলক্ষে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের নারিকেলবাড়ীয়াস্থ ক্যাম্পাসে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্প শেষে প্রতিপাদ্য বিষয়ের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভাগের সভাপতি ড. এস. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার এবং সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ গোলবার হোসেন। প্রবন্ধ উপস্থাপন শেষে প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন বিভাগের সাবেক সভাপতি ড. খন্দকার মোঃ মোজাফফর হোসেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান, সহযোগী অধ্যাপক ড. মোইজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, সহকারী অধ্যাপক শশী আমেদ প্রমুখ।

